আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:১৬:২১,১ নভেম্বর ২০২৬
হাতের কোনো স্পর্শ ছাড়াই কেবল মুখ ব্যবহার করে এক পাত্র থেকে অন্য পাত্রে বরফের টুকরো স্থানান্তর করে অদ্ভুত এক বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা ডেভিড রাশ। একই সঙ্গে সবচেয়ে বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামে রাখার কৃতিত্বও রয়েছে তার।
ডেভিড জানান, এর আগে মুখ ব্যবহার করে বেশ কয়েকটি রেকর্ড গড়ার অভিজ্ঞতা থাকায় তিনি প্রথমে ভেবেছিলেন, ৩০ সেকেন্ডে মুখ দিয়ে সবচেয়ে বেশি বরফ স্থানান্তরের চ্যালেঞ্জটি সহজ হবে। এর আগে মুখ দিয়ে মার্শম্যালো ক্যাচ করা এবং পিংপং বল ছোড়ার মতো ব্যতিক্রমী রেকর্ডও গড়েছেন তিনি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নিয়ম অনুযায়ী, প্রতিটি বরফের টুকরোর ওজন সর্বোচ্চ ২৫ গ্রাম বা ০.৮৮ আউন্স হতে পারবে। নিয়ম মেনে বরফের নির্দিষ্ট ওজন নিশ্চিত করতে পানির পরিমাণ মাপার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করেন ডেভিড।
তবে এই রেকর্ড গড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বরফের সঠিক তাপমাত্রা বজায় রাখা। বরফ অতিরিক্ত ঠান্ডা হলে ঠোঁটে আটকে যাওয়ার ঝুঁকি ছিল। অন্যদিকে, বরফের তাপমাত্রা বেশি হলে তা দ্রুত গলে গিয়ে ওজনে পরিবর্তন আসতে পারত।
গত ১২ জুন আনুষ্ঠানিকভাবে রেকর্ড গড়ার প্রচেষ্টায় ডেভিড দুই ট্রের মধ্যে মোট ৯৯১ গ্রাম বা ৩৪.৯ আউন্স বরফ স্থানান্তর করেন। নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়ে সফলভাবে নতুন এই বিশ্ব রেকর্ড নিজের নামে করে নেন তিনি।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস