যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা করবে না ইরান: ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ:১৬:১৩,১ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা করবে না ইরান: ডেপুটি স্পিকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনায় বসার ইচ্ছা নেই ইরানের। এমনকি চাপ সৃষ্টি করা হলেও এ অবস্থান থেকে সরে আসবে না তেহরান। দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ এ কথা জানিয়েছেন।

রোববার (১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পার্লামেন্টের এক অধিবেশনে আলী নিকজাদ বলেন, ইরান ও দেশটির সামরিক বাহিনীর অদম্য শক্তি এবং দৃঢ় মনোবল যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে।

তিনি বলেন, ইরানের প্রতিরোধের পর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ইসলামি প্রজাতন্ত্রের শক্তি স্বীকার করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। এই সংঘাতে শেষ পর্যন্ত ইরানি জনগণ নয়, বরং যুক্তরাষ্ট্রকেই আত্মসমর্পণ করতে হবে।

নিকজাদ আরও বলেন, যেকোনো ধরনের চাপ সত্ত্বেও পরমাণু ইস্যুতে আলোচনায় বসার কোনো আগ্রহ তেহরানের নেই। যুক্তরাষ্ট্রের কাছে দেওয়ার মতো নতুন কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের এই পার্লামেন্ট নেতা বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ইরান ইতোমধ্যে প্রতিপক্ষকে যথেষ্ট সুযোগ দিয়েছে। কিন্তু বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনার কিছু অংশে অবৈধ বোমা হামলা ছাড়া তেমন কিছুই পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন