আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:১৬:১২,১ নভেম্বর ২০২৬
ইরানের দেওয়া কয়েকটি শর্ত মেনে নিলে আগামী দুই দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
রোববার (১ নভেম্বর) আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
আরাগচির দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি কমানো এবং তেহরান ও ওমানের নির্ধারিত নতুন নৌপথের আনুষ্ঠানিক স্বীকৃতি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরানের প্রাথমিক পরিকল্পনা ছিল সাত দিনের। তবে কাতারের পক্ষ থেকে সময়সীমা কমিয়ে পাঁচ দিন বা তার নিচে আনার প্রস্তাব দেওয়া হয়। শনিবার কাতারের একটি প্রতিনিধিদলের সফরের সময় এ নিয়ে আলোচনা হয়। পরবর্তী সময়ে দুই দিনের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নের একটি রূপরেখা তৈরি করা হয়েছে বলে জানান তিনি।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম দিনে যুক্তরাষ্ট্রকে নির্ধারিত কিছু পদক্ষেপ নিতে হবে। এরপর দ্বিতীয় দিনেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে।
আরাগচি আরও জানান, ইরানের অন্যান্য দাবির মধ্যে রয়েছে জুলাইয়ে ইসলামাবাদ সমঝোতা ভেঙে যাওয়ার পর আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, জুনে দেওয়া তেল রপ্তানির ছাড় পুনর্বহাল এবং কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড়।
এ ছাড়া ইরান ও ওমানের নির্ধারিত নতুন নৌপথের আনুষ্ঠানিক স্বীকৃতি, বিকল্প সব নৌপথ বন্ধ এবং মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের দাবিও জানিয়েছে তেহরান। বিশেষ করে লেবাননে ইসরাইলের হামলা বন্ধের ওপর গুরুত্ব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
তবে ইরানের এসব শর্তের বিষয়ে যুক্তরাষ্ট্র সম্মতি জানিয়েছে কি না, সে সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা