ইউরোপে রুশ গ্যাস সরবরাহ ফেরাতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ:১৫:৩৬,২ নভেম্বর ২০২৬

ইউরোপে রুশ গ্যাস সরবরাহ ফেরাতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ

ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপের দেশগুলোতে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহ পুনরায় চালু করতে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ একটি কৌশলগত প্রস্তাব তৈরি করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আইনি বাধ্যবাধকতা বিবেচনায় রেখে রাশিয়ার গ্যাস বাণিজ্য পুনরায় চালুর পরিকল্পনা করছে ওয়াশিংটন। এ ক্ষেত্রে লেনদেন পরিচালনায় একটি মার্কিন মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব রয়েছে। পাশাপাশি আর্থিক লেনদেনের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ আমানত হিসাব ব্যবহারের পরিকল্পনাও করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শীতের মৌসুম সামনে রেখে ইউরোপের বিভিন্ন দেশে প্রাকৃতিক গ্যাসের মজুত কমে আসায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে রাশিয়ার গ্যাস আমদানির বিষয়টি আবারও আলোচনায় এনেছে যুক্তরাষ্ট্র।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, ইউক্রেনের পাইপলাইন দিয়ে রাশিয়ার গ্যাস বিক্রির অর্থ সরাসরি মস্কোর হাতে না দিয়ে তৃতীয় কোনো দেশের এখতিয়ারভুক্ত এসক্রো অ্যাকাউন্টে জমা রাখা হবে। এর মাধ্যমে নিষেধাজ্ঞাসংক্রান্ত জটিলতা এড়িয়ে গ্যাস বাণিজ্য চালু রাখার একটি ব্যবস্থা তৈরির চেষ্টা করা হচ্ছে।

এ ছাড়া ইউক্রেনের পাইপলাইনের পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন পুনরায় চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন প্রশাসনের ধারণা, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে ইউরোপের জ্বালানি সংকট মোকাবিলায় সহায়তা মিলতে পারে। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে ইউরোপের দেশগুলোর দীর্ঘদিনের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক বিরোধ নিরসনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

তবে প্রস্তাবটি বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা, সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক অবস্থান এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিস্থিতি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে।

সূত্র: তাস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন