সৌদি আরব লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ:১৫:৩৭,২ নভেম্বর ২০২৬

সৌদি আরব লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক মিসাইল হামলা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। তবে হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সোমবার জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।

হামলায় কতটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদি জোট। তবে হামলার আগে সৌদি আরবের আবহা, খামিস মুসাইত, তাইফ ও নারজান শহরে সম্ভাব্য হামলার সতর্কতা জারি করা হয়। কিছুক্ষণ পর সতর্কতা প্রত্যাহার করা হলে হুথিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার কথা জানায় জোট।

সতর্কতা জারির সময় সৌদি সরকার সাধারণ মানুষকে মিসাইল ও ড্রোন হামলার ভিডিও ধারণ না করার আহ্বান জানায়।

এদিকে ক্ষেপণাস্ত্র হামলার আগে ইয়েমেনের হোদেইদা প্রদেশের একটি গুরুত্বপূর্ণ বন্দর ও তেল স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় সাতজন আহত হয়েছেন বলে দাবি করেছে হুথিরা।

সোমবার হুথিদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলসাবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, লোহিত সাগরের উপকূলে অবস্থিত রাস ইসা বন্দরে প্রথম হামলা চালানো হয়। এতে চারজন বেসামরিক নাগরিক আহত হন। পরে বাজিল জেলার একটি তেল স্থাপনায় হামলা চালানো হলে আরও তিনজন আহত হন। তাঁরাও বেসামরিক নাগরিক বলে দাবি করেন তিনি।

আনিস আলসাবাহি বলেন, তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ বন্দরে বারবার হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। ইয়েমেনের বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার মাধ্যমে সংঘটিত যুদ্ধাপরাধের তালিকায় এটি আরও একটি সংযোজন।

সূত্র: আল-জাজিরা

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন