চুক্তি না হলে সামরিক অভিযানেই ইরান সংঘাতের অবসান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ:১৫:৪৪,২ নভেম্বর ২০২৬

চুক্তি না হলে সামরিক অভিযানেই ইরান সংঘাতের অবসান: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ হবে বলে আবারও দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র নিজেরাই সামরিক অভিযানের মাধ্যমে সংঘাতের অবসান ঘটাবে।

সোমবার রাইট সাইড ব্রডকাস্টিং নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। খবর টাইমস অব ইসরায়েলের।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বড় বিজয় অর্জন করেছে এবং খুব দ্রুতই সংঘাতের সমাধান হবে। ইরান চুক্তিতে রাজি হতে পারে, অন্যথায় যুক্তরাষ্ট্র নিজেরাই এর অবসান ঘটাবে।

এ সময় তিনি ইঙ্গিত দেন, নতুন করে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হলে তা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি সফল ও ভয়াবহ হবে।

পরে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইওয়ায় এক নির্বাচনি সমাবেশেও ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, অনির্দিষ্ট কোনো এক সময়ে তেহরানের ওপর তাকে ‘হাতুড়ি পেটা’ করতে হতে পারে।

৮০ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে সমর্থকদের উদ্দেশে বলেন, ইরানের সঙ্গে সংঘাত শেষ না করার একমাত্র কারণ হলো, তিনি দেশটির জনগণের প্রতি সদয় হতে চান এবং সম্ভব হলে সবার জীবন রক্ষা করতে চান। তবে কোনো একপর্যায়ে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরানের সঙ্গে সংঘাত শুরু হয়। এরপর কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প বলে আসছেন, যুদ্ধ দ্রুত শেষ হবে।

সর্বশেষ তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের পরই সংঘাতের দ্রুত অবসান ঘটতে পারে।

সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন