তানভীর খান
প্রকাশ:১৫:১৮,২ নভেম্বর ২০২৬
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের ৭ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ নভেম্বর) এসআরবি-২ পরিচালিত এ অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়।
এসআরবি-২-এর অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে অপরাধ বিবেচনায় ৭ জনকে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে ১০ দিনের, দুজনকে ৭ দিনের এবং চারজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি পাঁচজনের বিরুদ্ধে দালাল চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।
এসআরবি-২ জানায়, দীর্ঘদিন ধরে আগারগাঁও পাসপোর্ট অফিস ঘিরে একটি সংঘবদ্ধ দালাল চক্র সক্রিয় ছিল। পাসপোর্টের ফরম পূরণ, কাগজপত্র সংশোধন ও দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সেবাপ্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রটি। অনেক ক্ষেত্রে টাকা নিয়েও পাসপোর্ট না দেওয়া এবং জাল কাগজপত্র সরবরাহের অভিযোগ রয়েছে।
পাসপোর্ট সেবাপ্রত্যাশীদের হয়রানি বন্ধ এবং দালাল চক্রের তৎপরতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-২।