বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ:১৩:০৩,২৬ অক্টোবর ২০২৬

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় চুমু ও থাপ্পড়কাণ্ডের ঘটনায় দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নিজের আগের বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে শাস্তির দাবি জানান।

ভিডিও বার্তায় তাশরীফ বলেন, ‘আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। দোষ প্রমাণ হলে ঘটনায় জড়িত ওই মাদ্রাসা শিক্ষককে শাস্তি দেওয়া হোক।’

তিনি আরও বলেন, আগের বক্তব্যে কিছু কঠোর কথা বলা হয়েছিল। তাঁর বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। পাশাপাশি দেশ ও ইসলামের পক্ষে থাকা মানুষের সঙ্গে থাকার কথাও জানান তিনি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাশরীফের দেওয়া বক্তব্য ছড়িয়ে পড়লে গত দুই দিন ধরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে নিজের অবস্থান পরিষ্কার করতে নতুন করে ভিডিও বার্তা দেন তিনি।

এদিকে, রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।

সূত্র: সরবরাহকৃত তথ্য।

আরও পড়ুন