তানভীর খান
প্রকাশ:১৮:২৫,৩০ অক্টোবর ২০২৬
পটুয়াখালীর মহিপুরে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ তিন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটগুলো থেকে প্রায় ৯টি বেহুন্দি জাল, ৬টি উইং ও ৬টি ট্রলডোর জব্দ করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে মহিপুর ব্রিজসংলগ্ন খেয়াঘাট এলাকায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটগুলোতে তল্লাশি চালিয়ে অবৈধ জাল ও ট্রলিং সরঞ্জামসহ তিন জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা বোট, জাল, ট্রলিং সরঞ্জাম ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।