টেকনাফে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম পলক

প্রকাশ:১২:৫৩,১ নভেম্বর ২০২৬

টেকনাফে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একাধিক মানবপাচার মামলার এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত পলাতক আসামি আবদুল করিমকে (৫০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

রোববার (১ নভেম্বর) এসআরবি-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া এলাকার কচ্ছপিয়া ঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আবদুল করিমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবদুল করিম বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকার ছৈয়দ ওমরের ছেলে।

এসআরবি-১৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবদুল করিম একাধিক মানবপাচার মামলার এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত আসামি। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি একটি সক্রিয় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত।

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানিয়েছে, মানবপাচারসহ সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন