তানভীর খান
প্রকাশ:১৫:০৮,৩১ অক্টোবর ২০২৬
রাজধানীর উত্তরখান থেকে চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলিসহ মো. ইকরামুল ইসলাম শিবলু ওরফে ‘কিলার শিবলু’কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। শনিবার (৩১ অক্টোবর) ভোরে উত্তরখানের ময়নার টেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৩টার দিকে ওই এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। পরে রাত পৌনে ৪টার দিকে শিবলুকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে যুক্তরাষ্ট্রে তৈরি চারটি পিস্তল, আটটি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে এসআরবি-১-এর অধিনায়ক জানান, শিবলু ২০০৯ সাল থেকে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। ওই বছরও তাকে দুটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছিল এসআরবি-১। ওই মামলায় প্রায় চার বছর কারাভোগের পর বেরিয়ে আসেন তিনি। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা, মাদক ও চুরিসহ মোট সাতটি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ব্যবসার সঙ্গে আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য দিয়েছেন শিবলু। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে এসআরবি-১।
সংস্থাটির অধিনায়ক বলেন, সন্ত্রাস ও মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণের সহযোগিতা নিয়ে অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে কাজ করছে এসআরবি-১।