তানভীর খান
প্রকাশ:১২:০২,২৭ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীর গলা থেকে স্বর্ণ চুরির চেষ্টাকালে চার নারীকে আটক করেছেন আনসার সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের ভেতরে সন্দেহজনক গতিবিধি দেখে আনসার সদস্যরা নজরদারি বাড়ান। একপর্যায়ে রোগীর গলা থেকে স্বর্ণ চুরির চেষ্টাকালে ওই চার নারীকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মর্তুজা বেগম এবং নাসিরনগর উপজেলার রুনা বেগম, শাহনাজ বেগম ও বুশরা বেগম।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীন ফারুখের নেতৃত্বে আনসার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। পরে আটক নারীদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেন।
হাসপাতালে চুরির ঘটনা প্রতিরোধ এবং রোগী ও তাঁদের স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।