ফরিদপুরে মাদকসহ গ্রেফতার ৩

মুন্সীগঞ্জে পুলিশের লুট হওয়া ২২ রাউন্ড কার্তুজ উদ্ধার

তানভীর খান

প্রকাশ:১১:৪৮,২৮ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জে পুলিশের লুট হওয়া ২২ রাউন্ড কার্তুজ উদ্ধার

পুলিশের লুট হওয়া ২২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার এবং পৃথক অভিযানে প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের মাদক জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় কার্তুজগুলো উদ্ধার করা হয়। অন্যদিকে, ফরিদপুরের নগরকান্দা ও মধুখালীতে অভিযান চালিয়ে ৮৩ বোতল স্কাফ সিরাপ, ২০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

এসআরবি-১০-এর পৃথক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের পূর্ব পাশে বালুর মাঠে অভিযান চালায় এসআরবি-১০-এর শ্রীনগর ক্যাম্পের একটি দল। এ সময় পরিত্যক্ত অবস্থায় চায়না এসএমজির ২২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদ।

অন্যদিকে, একই দিন দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী বড়শ্রীবর্দী এলাকায় ভাঙ্গা-খুলনা মহাসড়কের রেলগেটসংলগ্ন স্থানে অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল। এ সময় ৩৩ বোতল স্কাফ সিরাপ ও ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ এসএম টুটুল (৪০) ও মো. শাহিন আকনকে (৩৮) গ্রেফতার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য এক লাখ ২৯ হাজার টাকা।

এরপর বিকেল সাড়ে চারটার দিকে মধুখালী উপজেলার ভেল্লাকান্দি এলাকায় গড়াই সেতুর পশ্চিম পাশে টোল প্লাজার সামনে মেহেরপুর থেকে ঢাকাগামী আরেকটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। সেখান থেকে ৫০ বোতল স্কাফ সিরাপ ও ২০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মো. জহিরুল ইসলাম (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য দুই লাখ ১০ হাজার টাকা।

এসআরবি নিউজ অব বাংলাদেশকে জানায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হয়েছে।

এসআরবি-১০ দ্য নিউজ অব বাংলাদেশকে জানিয়েছে, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন