তানভীর খান
প্রকাশ:১২:৪৬,২৯ অক্টোবর ২০২৬
রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে ফুটপাত দখলমুক্ত করতে দুই দফায় অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৮ অক্টোবর) সকাল ও বিকেলে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে পুরো ঢাকা শহরেই পর্যায়ক্রমে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
অভিযান চলাকালে ডিএনসিসি প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু হকার ও দখলদার সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচলের অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন। স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন মার্কেট কমিটির নেতারা দীর্ঘদিন ধরে এ বিষয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন। জনসাধারণের হাঁটার পথ উন্মুক্ত করে দেওয়াকে নিজের নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
শফিকুল ইসলাম খান বলেন, মিরপুর, শাহ আলী, দারুস সালাম ও আশপাশের এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে কোনো ধরনের বাধা বরদাশত করা হবে না। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার এ উদ্যোগ পর্যায়ক্রমে পুরো ঢাকা শহরে সম্প্রসারণ করা হবে।
তিনি আরও বলেন, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে নগর পরিচ্ছন্ন রাখা এবং জনসাধারণের চলাচলের অধিকার নিশ্চিত করার উদ্যোগ ব্যাহত হতে দেওয়া হবে না।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় পুলিশ, ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অভিযানে সহযোগিতা করেন।
ফুটপাত দখলমুক্ত রাখা এবং নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।