নীলফামারীতে পল্টন ট্র্যাজেডি দিবসে জামায়াতের বিক্ষোভ

ইমরান ইসলাম

প্রকাশ:১২:৪৮,২৯ অক্টোবর ২০২৬

নীলফামারীতে পল্টন ট্র্যাজেডি দিবসে জামায়াতের বিক্ষোভ

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডসহ দেশের সব হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন নীলফামারী জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জেলা জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।

অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যার মাধ্যমে দেশে হত্যার রাজনীতি প্রতিষ্ঠা করা হয়েছিল। তিনি শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে এসব ঘটনারও বিচার নিশ্চিত করার দাবি জানান।

শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

আলোচনা সভা শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবর নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন