তানভীর খান
প্রকাশ:১৫:৩৩,২৯ অক্টোবর ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ১০ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়।
বুধবার (২৮ অক্টোবর) খিলগাঁও, যাত্রাবাড়ী ও মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে চারটি নিয়মিত মামলা করা হয়েছে।
ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় সূত্রে জানা যায়, অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লার নির্দেশনায় এবং উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে চারটি অভিযান পরিচালনা করা হয়।
এর মধ্যে খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান মদিনা সড়কের ৬১৯ নম্বর ঠিকানায় কাজী স্টোর নামের একটি দোকানে অভিযান চালিয়ে কাজী ছানাউল্লাহ (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় দোকানের ক্যাশবাক্সের ড্রয়ার থেকে ২ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডিএনসির দাবি, গ্রেপ্তার ব্যক্তি সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন।
অন্যদিকে, যাত্রাবাড়ী মাছের আড়তের আলী মার্কেটের পশ্চিম পাশে অভিযান চালিয়ে মো. শহিদুল ইসলাম (৪৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মতিঝিল থানার আরামবাগ ক্লাব মার্কেটের আল ফালাক ডিপার্টমেন্টাল স্টোরের সামনে অভিযান চালিয়ে লাভলু রহমান (৪৫), গিয়াস উদ্দিন (৪০) ও মো. হানিফ (৪২) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে যথাক্রমে ২০, ২০ ও ১০ পিসসহ মোট ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ছাড়া দক্ষিণ যাত্রাবাড়ী কাঁচাবাজারের ৩১৮/১ নম্বর মেসার্স ফাহিম বাণিজ্যালয়ের সামনে থেকে হনুফা (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
ডিএনসি দ্য নিউজ অব বাংলাদেশকে জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।