তানভীর খান
প্রকাশ:১৬:০৭,৩০ অক্টোবর ২০২৬
রাজধানীর কদমতলীতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৯ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৬৮ হাজার টাকা।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত আড়াইটার দিকে কদমতলীর রসুলবাগ এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এ সময় একটি আবাসিক ভবন থেকে ৩ হাজার ৫ পিস ইয়াবাসহ মো. ইকবাল (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৯ লাখ ১ হাজার ৫০০ টাকা।
এরপর ভোর ৪টা ২০ মিনিটে একই থানার মেরাজনগর এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হয়। সেখানে একটি আবাসিক ভবন থেকে ৬ হাজার ৫৫৫ পিস ইয়াবাসহ মো. আবদুল বাতেন মিয়া (৪৫) ও মো. মুসা (২৬) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এ চালানে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা।
এসআরবি-১০ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। অভিযানে মাদক বিক্রির নগদ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।