পূজা রায়
প্রকাশ:২১:৫৩,২১ অক্টোবর ২০২৬
ডা. মিজানুর রহমান—ফাইল ছবি
‘আমার মনে হয় কিয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়াকর্মী’—নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন মন্তব্য করেছেন সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) ফেসবুকে দেওয়া ওই পোস্টের পর সাতক্ষীরা জেলা ও তালা উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন।
তালা প্রেস ক্লাবের সভাপতি সেলিম হায়দার বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং অনিয়ম-দুর্নীতি তুলে ধরা সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব। মিডিয়াকর্মীদের নিয়ে এ ধরনের ঢালাও মন্তব্য নিন্দনীয়।
সাংবাদিক নেতারা এ মন্তব্যের জন্য ডা. মিজানুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে ডা. মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
অন্যদিকে, বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাতক্ষীরার সিভিল সার্জন মো. আবদুস সালাম। তিনি বলেন, একজন দায়িত্বশীল চিকিৎসক বা কর্মকর্তা সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য করতে পারেন না। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডা. মিজানুর রহমানের ওই মন্তব্যের বিষয়ে তাঁর কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।