ঠাকুরগাঁওয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে প্রেস কাউন্সিলের কর্মশালা

মো. ইমরান ইসলাম, রংপুর

প্রকাশ:২৩:৫০,১৮ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে প্রেস কাউন্সিলের কর্মশালা

সাংবাদিকতার মানোন্নয়ন, গণমাধ্যমকর্মীদের অধিকার সুরক্ষা এবং পেশাগত দায়িত্ব পালনে আইন ও নৈতিকতার চর্চা জোরদার করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সার্কিট হাউসের সম্মেলনকক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন। কর্মশালায় সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা এবং সাংবাদিকতার নৈতিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন। প্রধান প্রশিক্ষক ও রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর। কর্মশালায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক।

 

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা এবং স্বাধীনভাবে কাজ করার অনুকূল পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সমাজের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরার পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার ভূমিকা অপরিসীম।

 

তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

 

কর্মশালায় গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত দায়বদ্ধতার মধ্যে সমন্বয়, সাংবাদিকদের অধিকার ও দায়িত্বসংক্রান্ত আইন এবং প্রচলিত বিধিবিধান নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দায়িত্বশীল সংবাদচর্চার মাধ্যমে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও মানোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

 

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিক, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন