মো. ইমরান ইসলাম
প্রকাশ:১২:৩৯,২৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে রোকন সম্মেলন ও নতুন মেয়াদের জেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নীলফামারী আল-হেলাল একাডেমি মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ওই অঞ্চলের টিম সদস্য আব্দুর রশীদ।
এ ছাড়া বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক রোকন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন স্থানীয় নির্বাচনে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে এখন থেকেই ব্যাপক গণসংযোগ শুরু করার আহ্বান জানান। তিনি প্রতিটি কার্যক্রমে আল্লাহর সন্তুষ্টি ও ইখলাস বজায় রাখা এবং কোনো অবস্থাতেই সীমালঙ্ঘন না করার পরামর্শ দেন। পাশাপাশি রোকনদের কোরআন অধ্যয়নে মনোযোগী হওয়ার এবং ‘তাফহীমুল কুরআন’-এর পূর্ণাঙ্গ সেট সংগ্রহে রাখার আহ্বান জানান।
সম্মেলনের শেষ পর্যায়ে সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পরিবেশে নতুন মেয়াদের জন্য নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর নির্বাচন সম্পন্ন হয়। তবে নির্বাচিত আমীরের নাম আয়োজকদের দেওয়া তথ্যে উল্লেখ করা হয়নি।