যাত্রাবাড়ীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, কেরানীগঞ্জে ৪ ককটেল উদ্ধার

তানভীর খান

প্রকাশ:১২:৪৩,২৯ অক্টোবর ২০২৬

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, কেরানীগঞ্জে ৪ ককটেল উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ লাভলী আক্তার ওরফে সাথী নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)। এ সময় তাঁর কাছ থেকে ৪ হাজার ৫০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় একটি গ্যারেজ থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে বাহিনীটি।

এসআরবি-১০ জানায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার দোলাইরপাড় এলাকায় অভিযান চালিয়ে লাভলী আক্তারকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৫১ হাজার ৫০০ টাকা। প্রাথমিক তথ্যমতে, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

এদিকে, একই দিন বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় একটি গ্যারেজে অভিযান চালায় এসআরবি-১০-এর আরেকটি দল। এ সময় মালিকবিহীন অবস্থায় চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

এসআরবি-১০ জানিয়েছে, গ্রেপ্তার নারীকে উদ্ধার করা মাদকসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদক, অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন