তানভীর খান
প্রকাশ:১৫:১৭,২ নভেম্বর ২০২৬
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় মাদক কারবারিদের আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন দ্য নিউজ অব বাংলাদেশকে এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার রাত ১টার দিকে টেকনাফ থানার বড়ইতলী সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ সময় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় মাদক কারবারিরা সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইয়াবা ও সিএনজির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের ভয়াবহ বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।